বাংলাদেশের নতুন অধ্যায়ের শুরু তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশের ১৭তম (ব্যক্তি হিসেবে ১১তম) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।
এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন যাত্রা শুরু হলো। শপথ অনুষ্ঠানে সাদা পোশাকে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত উপস্থিতি ছিল তাঁর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
দক্ষিণ প্লাজায় প্রায় ১২০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উপচে পড়া। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিভিন্ন দেশের কূটনীতিক, তিন বাহিনীর প্রধান ও বিশিষ্টজনরা।
প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রীর মধ্যে ১৬ জন প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন, আর ৯ জন পূর্ববর্তী বিএনপি সরকারের অভিজ্ঞ সদস্য। প্রতিমন্ত্রীদের সবাই নতুন মুখ।
অভিজ্ঞদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু এবং আ ন ম এহছানুল হক মিলন।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান-কে পররাষ্ট্রমন্ত্রী করা বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ ১৭ বছর পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে প্রায় ১৫০ জন নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে নতুন সরকারের যাত্রা, মন্ত্রিসভার গঠন ও দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন—সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।






আপনার মতামত লিখুন