ফাইনালে ছন্দ হারাল বাংলাদেশ
নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। প্রথমার্ধেই এক গোলের লিড নেয় ভারত, দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল যোগ করে জয় নিশ্চিত করে।
গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও নিজেদের জালে কোনো গোল হজম করেনি দলটি। এমনকি গ্রুপ ম্যাচে ভারতকেও ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়।
ফাইনালে শুরু থেকেই ভারত ছিল পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ফুটবলে এগিয়ে। বিপরীতে বাংলাদেশ ছিল ছন্দহীন ও অগোছালো। রক্ষণভাগের একের পর এক ভুলে চাপ বাড়তে থাকে। গোলরক্ষক ইয়ারজানের দুটি বড় ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলে বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পান ভারতীয় অধিনায়ক। সহজ প্লেসিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধে বিতর্কিত এক সিদ্ধান্তে আরও বিপদে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে একটি লং বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান। এরপর সংঘর্ষের ঘটনায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যা থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
এর কিছুক্ষণ পর ব্যাক পাস সামলাতে গিয়ে আবারও ভুল করেন ইয়ারজান। সামনে ছুটে আসা পার্ল ফার্নান্দেজের শরীরে বল লেগে ফিরে এলে সহজ টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ৮৩ মিনিটে ডিফেন্সের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের হতাশাজনক হার নিয়েই মাঠ ছাড়ে কোচ বাটলারের দল।
গ্রুপ পর্বের আত্মবিশ্বাসী বাংলাদেশের সঙ্গে ফাইনালের এই পারফরম্যান্সের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। শিরোপার মঞ্চে অভিজ্ঞতা ও পরিকল্পনার কাছে হার মানতে হলো লাল-সবুজের মেয়েদের।






আপনার মতামত লিখুন