বিমান বাংলাদেশের এমডি–সিইওসহ চারজন গ্রেপ্তার
এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি জানান, মামলার আসামি হিসেবে ড. মো. সাফিকুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, প্রায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার এভাবে গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ড. মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মজীবন শুরু করেন।






আপনার মতামত লিখুন