গণভোটে ‘হ্যাঁ’ মানে মুক্তি, ‘না’ মানে পরাধীনতা: সাদিক কায়েম
আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট স্বাধীনতার প্রতীক, আর ‘না’ ভোট মানে পরাধীনতার পথে ফিরে যাওয়া। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণভোটই সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ডাকসু প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যৌথ উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছে। গণভোট সেই স্বপ্নকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুযোগ এনে দিয়েছে। অথচ বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে প্রত্যাশিত ভূমিকা দেখা যাচ্ছে না। দীর্ঘ রাজনৈতিক বক্তব্য থাকলেও রাষ্ট্র কাঠামো পরিবর্তন বা গণভোটের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট অবস্থান তুলে ধরা হচ্ছে না।
তিনি আরও বলেন, ছাত্র সমাজ এমন একটি বাংলাদেশ চায় যেখানে কেউ বারবার ক্ষমতার শীর্ষে যাওয়ার সুযোগ পাবে না, বিচার বিভাগ রাজনৈতিক নিয়ন্ত্রণে থাকবে না এবং একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ বন্ধ থাকবে।
ডাকসু ভিপি জানান, গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জকসু) ছাত্র সংসদগুলো ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’ ব্যানারে একসঙ্গে মাঠে নামছে।
এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিভাগীয় শহরে গণজমায়েত অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগীয় সমাবেশ আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় সিলেটের বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের মূল লক্ষ্য ছিল একটি নতুন ও ন্যায্য রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার প্রস্তাবনাগুলো সেই লক্ষ্য বাস্তবায়নের পথ দেখালেও কিছু রাজনৈতিক দলের ভিন্নমত নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের মাধ্যমেই পুরোনো ফ্যাসিবাদী কাঠামোর অবসান ঘটিয়ে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরুত্থান রোধ করা সম্ভব।






আপনার মতামত লিখুন