নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী: হাতে ফ্যামিলি কার্ড
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তার সহধর্মিণী নাজনীন নিজাম। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমর্থন আদায়ে তিনি মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন। এ সময় স্থানীয় নারীদের সঙ্গে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে নাজনীন নিজামকে ফ্যামিলি কার্ড হাতে নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বাড়ি বাড়ি গিয়ে তিনি জানান, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরওয়ার জামাল নিজামকে নির্বাচিত করা হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে সহায়তার আওতায় আনা হবে।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতেই প্রার্থীর পরিবারের সদস্যদের মাঠে নামানো হয়েছে, যা জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হচ্ছে।
নাজনীন নিজাম বলেন, “আমার স্বামী এই এলাকারই সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনারা ধানের শীষে ভোট দিলে তিনি এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে পারবেন।”
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ডের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় আনা হবে। এলাকার নারী সমাজের জীবনমান উন্নয়নেই তিনি মাঠে নেমেছেন বলে জানান।
একই দিনে আনোয়ারা উপজেলার কেপিজেড শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের সঙ্গে পৃথক গণসংযোগে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। সেখানে তিনি কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও শ্রমিক কল্যাণে দলের অঙ্গীকার তুলে ধরেন।






আপনার মতামত লিখুন