হাবিবুল্লাহ বাহার কলেজে হামলার শিকার এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা হয়। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজের অনুষ্ঠানে অংশ নিতে গেলে সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ কার্যক্রম শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।
তিনি আরও বলেন, শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পুনরায় কর্মসূচি শুরু করা হবে এবং সময়সূচি মেসেজের মাধ্যমে জানানো হবে।
ওই দিন সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। হুমকি ও ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না।”
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই দিন পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, বায়তুল মোকাররম এলাকায় ধর্মীয় কার্যক্রম এবং গুলিস্তানে পথসভা করার কথা ছিল।






আপনার মতামত লিখুন