নির্বাচন ও গণভোট ঘিরে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (আজ) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত এই সভার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সভাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
সভায় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ও গৌরবময় ভূমিকার প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য তিনি সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময়ে নির্বাচন সংশ্লিষ্ট নানা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন যেন সবার জন্য অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
এই সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন