শহীদ ওসমান হাদির পরিবার নিয়ে জিডি শাহবাগ থানায়ঃনিরাপত্তাহীনতার অভিযোগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইয়ের জীবনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এই জিডি দায়ের করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, তার ভাই শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডে জড়িতরা এখনো গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় নতুন করে সহিংস ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই নিয়োগের কথা জানানো হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সে সময় তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






আপনার মতামত লিখুন