মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী মাঠে নুরুল হক নুর
প্রয়াত মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে অবস্থিত মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় নুরুল হক নুর তার মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মায়ের প্রতি নুরের এই আবেগঘন শ্রদ্ধা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসী জানান, নুরুল হক নুর তাদের এলাকার একজন পরিচিত ও গর্বের সন্তান। নিজ এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, নুর বরাবরই একজন মাতৃভক্ত মানুষ হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্যে তিনি তার মায়ের স্মৃতি ও অবদানের কথা তুলে ধরেন। সম্প্রতি দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভায় তিনি বলেন, ছোটবেলায় মাকে জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে হারানোর কারণেই তার চিকিৎসক হওয়ার স্বপ্ন তৈরি হয়েছিল।
এলাকাবাসী আরও জানান, মায়ের প্রতি নুরের এই গভীর ভালোবাসা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে। আসন্ন নির্বাচনে তারা তার সাফল্য প্রত্যাশা করছেন।
কবর জিয়ারতকালে গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন ঘোড়া প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।






আপনার মতামত লিখুন