শাকসু নির্বাচন বন্ধ হলে দেশজুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রশিবিরের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হলে সারাদেশে কঠোর ও ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, শাকসু নির্বাচন নিয়ে ছাত্রশিবিরের অবস্থান একেবারেই পরিষ্কার। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকালই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানো হলে তা মেনে নেওয়া হবে না।
শিবির সভাপতি আরও বলেন, শাকসু নির্বাচন শাবিপ্রবির প্রায় ৯ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি। নির্বাচনের শেষ পর্যায়ে এসে যখন প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে, তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
এ সময় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, পরাজয়ের আশঙ্কায় একটি সংগঠন বারবার নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতীতেও বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে একই ধরনের অপচেষ্টা দেখা গেছে।
তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে নির্বাচন কমিশন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ দিলেও শিক্ষার্থীদের দাবির মুখে শাকসু নির্বাচন পূর্বঘোষিত তারিখে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী সব প্রস্তুতি শেষ হয়েছে এবং পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এই অবস্থায় যদি আদালত বা পেশিশক্তিকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থী ও সচেতন ছাত্রসমাজ তা প্রতিহত করবে। সরকার যদি এ বিষয়ে কঠোর অবস্থান না নেয়, তাহলে এর দায়ভার তাকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।






আপনার মতামত লিখুন