বিশ্বের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈশ্বিক প্রভাব বিস্তারকারী কনটেন্ট নির্মাতাদের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে।
রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সোশ্যাল ব্ল্যাডের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট প্রকাশ ও তা নিয়ে আলোচনার পরিমাণ বিবেচনায় তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছে।
প্ল্যাটফর্মটির তথ্যে দেখা যায়, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে লাইক সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬টিতে। একই সঙ্গে ‘টকিং অ্যাবাউট’ বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এই কার্যক্রম ও জনপ্রিয়তার ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র্যাঙ্কিংয়ে তার পেজের অবস্থান ৪২তম এবং গ্রেড পেয়েছে এ++।
গত ১৪ দিনে তার ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক। দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। এসব পরিসংখ্যানের কারণে বর্তমানে তারেক রহমানের ফেসবুক পেজটি বিশ্বব্যাপী সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক পেজগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব ব্যক্তি বা ব্যক্তিত্বকে ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করা হয়। এ হিসাবে তারেক রহমান এখন বিশ্ব রাজনীতির প্রভাবশালী নেতাদের মধ্যেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।






আপনার মতামত লিখুন