অষ্টম দিনের শুনানি নিচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি কার্যক্রমের অষ্টম দিন শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামীকাল ১৮ জানুয়ারি আপিল শুনানির শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার কমিশনে শুনানির জন্য উপস্থাপিত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আবেদন মঞ্জুর করা হয়। একইসঙ্গে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়। এছাড়া মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে দায়ের করা চারটি আপিল আবেদনও খারিজ করা হয়েছে। বাকি চারটি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।






আপনার মতামত লিখুন