বৈঠকে ১০ দলীয় নেতারা: আসেনি হাতপাখার কেউ
জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে গড়ে ওঠা ১১ দলীয় নির্বাচনি সমঝোতার প্রক্রিয়া এবার ১০ দলে সীমিত হচ্ছে। আসন ভাগাভাগি ও জোটগত সিদ্ধান্ত চূড়ান্ত করতে রাজধানীতে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। তবে বৈঠকে অংশ নেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান উপস্থিত রয়েছেন।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নিচ্ছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ সংশ্লিষ্ট ১০ দলের অন্যান্য নেতারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এখান থেকে নির্বাচনি আসন সমঝোতা ও জোটগত অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।






আপনার মতামত লিখুন