১১ দলের সংবাদ সম্মেলনে কি হাতপাখা থাকবে, যা জানালো জামায়াত নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে গঠিত জোট। তবে এই ঘোষণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও স্পষ্টতা নেই, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে সংবাদ সম্মেলনের আগে আজ দুপুরে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ জানিয়েছেন, বাদ জোহরের পর ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ‘মজলিসে আমেলা’র সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় জোটগত আসন সমঝোতা পর্যালোচনা করে কোন কোন আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী দেওয়া হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, দলের রাজনৈতিক স্বার্থ ও দরকষাকষিতে শক্ত অবস্থান নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা নিয়ে তিনি কোনো নিশ্চিত বক্তব্য দেননি।
এদিকে ইসলামী আন্দোলনের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
ড. হামিদুর রহমান আযাদের বিবৃতিতে আরও জানানো হয়, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংবাদ সম্মেলনেই সব প্রশ্নের জবাব পাওয়া যাবে। ইসলামী আন্দোলনের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পূর্ণ, বাকিটা আল্লাহর ওপর ভরসা।’






আপনার মতামত লিখুন