গণভোটে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সরকারের প্রচার কর্মসূচি
গণভোট সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে সরকারের উদ্যোগে দেশজুড়ে বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে গণভোট নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রচারণার অংশ হিসেবে রোববার বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন এবং ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে বিভাগীয় কমিশনারদের কার্যালয় এবং ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রেস উইং জানায়, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ জানুয়ারি রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।






আপনার মতামত লিখুন