বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: সন্দেহভাজন মিলন গ্রেপ্তার
রাজধানীর বনশ্রী এলাকায় স্কুলপড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলি হত্যার ঘটনায় সন্দেহভাজন এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিলন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডিএমপির খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে যে কোনো সময় তাকে হত্যা করা হয়।
নিহত ফাতেমা আক্তার লিলি বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বাবা-মা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। তার বাবা সজীব মিয়া বনশ্রী এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।






আপনার মতামত লিখুন