জকসু নির্বাচন: ১১ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে ছাত্রদল , জিএস-এজিএসে শিবির
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-এর ভোট গণনা শুরু হয়েছে। এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগের ফল ঘোষণা করেন। এর আগে মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।
ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব মোট ১,১৪২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১,০৩১ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১,০৭৬ ভোট। বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৭০ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা এগিয়ে আছেন ১,০১৩ ভোট নিয়ে। ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট।
ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপিতে রিয়াজুল ইসলাম, জিএসে আব্দুল আলিম আরিফ ও এজিএসে মাসুদ রানা এগিয়ে।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি ও জিএসে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও এজিএসে নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল চমক দেখান।
লোকপ্রশাসন বিভাগে ভিপিতে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব জয়ী হলেও জিএস ও এজিএসে অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা এগিয়ে।
ফার্মেসি বিভাগে তিনটি শীর্ষ পদেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে অদম্য জবিয়ান প্যানেল।
সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি, জিএস ও এজিএস—সবগুলো পদেই সম্মিলিতভাবে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে।
মাইক্রোবায়োলজি কেন্দ্রে তিনটি পদেই অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা এগিয়ে থাকলেও ফিন্যান্স কেন্দ্রে ভিপি ও এজিএসে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড নিয়েছেন।
চারুকলা অনুষদ কেন্দ্রে ভিপিতে ছাত্রদল, জিএসে বাম জোট এবং এজিএসে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে।
মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি ও দর্শন বিভাগে জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এবং ভিপি ও এজিএসে ছাত্রদল ও শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের পর চূড়ান্ত চিত্র আরও পরিষ্কার হবে। ক্যাম্পাসজুড়ে এখন ফলাফলের অপেক্ষা ও উত্তেজনা বিরাজ করছে।






আপনার মতামত লিখুন