জকসু নির্বাচনে প্রার্থীদের মানতে হবে যেসব নিয়ম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী নিজ বিভাগের নির্ধারিত ভোটকেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোট প্রদান শেষে নিজ কেন্দ্রেও পুনরায় ঢোকার সুযোগ থাকবে না।
সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্র বা কেন্দ্রের বেষ্টনীর ভেতরে প্রবেশ করবেন, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, ভোট শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রে আলাদাভাবে ভোট গণনা করা হবে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করবেন। পরে সব কেন্দ্রের ফল একত্র করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। ভোট গণনায় মোট ছয়টি মেশিন ব্যবহারের প্রস্তুতি রয়েছে।
নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানান তিনি। প্রতিটি ভোটকেন্দ্রসহ পুরো ক্যাম্পাস সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভোট গণনা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
ভোটার পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ থাকলেও ভোট দিতে সমস্যা হবে না জানিয়ে অধ্যাপক মোস্তফা বলেন, ভোটার তালিকার কিউআর কোড স্ক্যান করে মোবাইলে অথবা প্রিন্ট কপি সংগ্রহ করে ভোট দেওয়া যাবে। ভোটার তালিকা সম্পূর্ণ ছবিযুক্ত থাকবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬৬টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া হল সংসদের জন্য থাকবে ১২টি বুথ। ভোটার শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। তাদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাস ত্যাগ করা যাবে না।






আপনার মতামত লিখুন