নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত সার্বিক পরিবেশ ইতিবাচক ও সন্তোষজনক রয়েছে। সবার সহযোগিতা পেলে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য নির্বাচন কমিশন ভবনে ১০টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক জেলা অনুযায়ী এসব বুথে আপিল দায়ের করা যাবে।
ইসি সূত্র জানায়, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত ফরমে আপিল দাখিল করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়ন বৈধ ও কতগুলো বাতিল হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপিল নিষ্পত্তির কার্যক্রম চলবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন