সাভারের এনসিপি নেতা তৈয়বুর রহমান নিখোঁজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।
শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জনসম্মুখে আনেন দিলশানা পারুল। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার এলাকায় তৈয়বুর রহমান ছিলেন সামনের সারির একজন সংগঠক এবং বর্তমানে এনসিপির সক্রিয় নেতা। পাশাপাশি ঢাকা-১৯ আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাভারের ভোটার হিসেবে তৈয়বুর রহমান প্রস্তাবনাকারীর দায়িত্ব পালন করেন।
দিলশানা পারুল আরও লেখেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন দুপুর পর্যন্ত তৈয়বুর রহমান তার সঙ্গেই ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি উত্তরা এলাকায় যান। এরপর সেখান থেকেই ডিবি পুলিশের পরিচয়ে তাকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়।
তিনি অভিযোগ করেন, উত্তরা এলাকার কোনো থানায় তৈয়বুর রহমানের অবস্থান সম্পর্কে তারা কোনো তথ্য পাচ্ছেন না। অবিলম্বে তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে জানানো প্রয়োজন বলে দাবি জানান তিনি।
দিলশানা পারুল তার বক্তব্যে বলেন, এভাবে কাউকে গোপনে আটক করে রাখা গ্রহণযোগ্য নয় এবং এটি অতীতের দমনমূলক শাসনামলের ঘটনার পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।






আপনার মতামত লিখুন