নির্বাচনকে অস্থিরতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট, দ্বিপক্ষীয় বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দায়িত্বকাল শেষ করে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নতুন শ্রম আইনকে ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী আখ্যা দেন। তার মতে, এসব সংস্কার বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সিদ্ধান্তকে একটি সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, নতুন শ্রম অধ্যাদেশকে দেশের শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসমর্থনের বিষয়টিকেও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
সাক্ষাতে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরে অবস্থানরত এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক দাতা।
বিদায়ী সাক্ষাতে ট্রেসি অ্যান জ্যাকবসনের দায়িত্বকালীন অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে তাকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।






আপনার মতামত লিখুন