কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা
উত্তপ্ত পরিস্থিতি
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নেই’—এমন স্লোগানে এলাকা মুখর করে তোলেন। তাদের অভিযোগ, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করে আসছে। এ চাঁদাবাজির প্রতিবাদ জানাতে এবং আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
ব্যবসায়ীদের দাবি, মানববন্ধন চলাকালে ওই চাঁদাবাজদের অনুসারীরাই হামলা চালায়, এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা ব্যবসা বন্ধ রেখে রাজপথে নামতে বাধ্য হবেন।
এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা না নেওয়ায় চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তবে ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।






আপনার মতামত লিখুন