ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুরে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে উৎসবমুখর পরিবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর জেলায় নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
জামালপুর জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) জামালপুর-৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছানোয়ার হোসেন জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট কামাল উদ্দিন খান, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল ওহাব, সরিষাবাড়ি উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনিসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা প্রতিনিধি আবু সাঈম ও আবিদুর রহমান।
অন্যদিকে একই দিন জামালপুর-৫ (সদর) আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জাকির হোসেন ট্রাক প্রতীক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর জাকির হোসেন বলেন, জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে জামালপুর সদরকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপথে রূপান্তরিত করার জন্য কাজ করবেন।






আপনার মতামত লিখুন