রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণ: যুবক নিহত
রাজধানীতে ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।
বুধবার সন্ধ্যা প্রায় ৭টা ১০ মিনিটে জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মগবাজার ফ্লাইওভার থেকে নিচে নিক্ষেপ করা একটি শক্তিশালী ককটেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলটি সরাসরি ওই যুবকের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও বলেন, খবর পেয়ে তিনি নিজে ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ জানায়, সিয়াম দোকান থেকে নাস্তা নিতে যাওয়ার পথে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিস্ফোরণের কবলে পড়ে তার মৃত্যু হয়।






আপনার মতামত লিখুন