সংসদ নির্বাচনের তপশিল সংশোধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
তবে পরে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এর আগে এই সময়সীমা ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
ইসির ঘোষিত পূর্ণাঙ্গ সময়সূচি অনুযায়ী—
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুসারে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে এই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে।






আপনার মতামত লিখুন