‘হাদি না ফিরলে’ আগাম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার ও সংগঠন। তিনি দেশে ফিরতে না পারলে সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের বক্তব্যে বলা হয়, যদি ওসমান হাদি মারা যান, তবে তাকে শহীদের মর্যাদায় স্মরণ করা হবে এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে স্বাধীনতাকামী জনতাকে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনটি আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে সে ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।






আপনার মতামত লিখুন