ষড়যন্ত্র এখনো কাটেনি, সংকট মোকাবেলায় সত্যিকারের বুদ্ধিজীবীর প্রয়োজন: চবি উপাচার্য
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, বর্তমান সময়টি জাতির জন্য একটি সংকটকাল, আর এই পরিস্থিতি মোকাবেলায় দেশপ্রেমিক ও সত্যিকারের বুদ্ধিজীবীদের ভূমিকা অপরিহার্য।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ইতিহাসে দেখা যায়—জাতির যেকোনো কঠিন সময়ে বুদ্ধিজীবীরাই দিকনির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী সুবিধাবাদে জড়িয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের বড় একটি অংশ ছিলেন শিক্ষক। শিক্ষকরা জ্ঞানচর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করেন, তাই তাদের দায়িত্বও বেশি। শিক্ষকদের পাশাপাশি প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে বুদ্ধিবৃত্তিক দায়িত্ব পালন করলে সমাজ সত্য ও ন্যায়ের পথে এগোবে।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শোক র্যালি ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য উদঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন