হাদির মস্তিষ্কের অবস্থা চরম সংকটজনক: বিদেশে চিকিৎসার প্রস্তুতি
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো আশাব্যঞ্জক কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত জটিল এবং ক্লিনিক্যালি তিনি এখনও জীবনঝুঁকিপূর্ণ পর্যায়েই রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এসব তথ্য জানান। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
চিকিৎসক জানান, বৈঠকের আগেই ওসমান হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কে মারাত্মক ইডেমা (পানি জমা), অক্সিজেনের স্বল্পতা এবং কিছু অংশে ছড়িয়ে থাকা রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। এসব উপসর্গ মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বর্তমান অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হচ্ছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার প্রস্রাবের পরিমাণ বিবেচনায় রেখে শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আগে যে ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) বা রক্ত জমাট ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল, সেটির অবস্থারও এখনো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে নতুন করে পরিস্থিতি অবনতি হয়নি বলেও জানান তারা।
সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখনো মস্তিষ্কের অবস্থা। ব্রেন স্টেম ইনজুরি গুরুতর পর্যায়ে রয়ে গেছে। এছাড়া অপারেশন করা অংশের বিপরীত দিকে মস্তিষ্কের সামান্য স্ফীত হয়ে বাইরের দিকে চাপ দেওয়ার লক্ষণও লক্ষ্য করা যাচ্ছে, যা চিকিৎসকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বিদেশে চিকিৎসা প্রসঙ্গে চিকিৎসক জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড ইতোমধ্যে একটি বিস্তারিত কেস সামারি প্রস্তুত করেছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণে সম্মত হলে তবেই তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বাস্তবায়িত হতে পারে।
তিনি বলেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। পাশাপাশি রোগীকে নিরাপদে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে আছে।






আপনার মতামত লিখুন