বিরোধীদলের কোনো সমর্থককে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সমাধান ও শান্তির পথে দেশকে এগিয়ে নিতে চায়। মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের ভয়ে আর কোনো নাগরিককে জীবন কাটাতে হবে না—এমন একটি নিশ্চয়তা দিতে চায় বিএনপি।
তারেক রহমান বলেন, এখন দেশের সবচেয়ে জরুরি বিষয় হলো—একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া, যেখানে মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত থাকবে। তিনি উল্লেখ করেন, ভিন্ন রাজনৈতিক মত থাকলেই কাউকে হয়রানি, নির্যাতন কিংবা গুমের মুখে পড়তে হবে—এমন পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর দেশ যেন অন্ধকার এক সময়ের মধ্যে ছিল। কেউ প্রকাশ্যে এই চাপ অনুভব করেছে, কেউ নীরবে সহ্য করেছে। বিশেষ করে যারা পতিত সরকারের বিরোধী অবস্থানে ছিলেন, তাদের জন্য ভয় ও দমন-পীড়ন ছিল নিত্যদিনের অভিজ্ঞতা। রাতের বেলা হঠাৎ ধরা পড়ে যাওয়ার আতঙ্ক, মিথ্যা মামলা আর নিখোঁজ হওয়ার ভীতি—অসংখ্য পরিবার এসবের যন্ত্রণা সয়ে গেছে।
তারেক রহমানের মতে, এসব ইতিহাস পিছনে ফেলে সামনে এগোতে হলে প্রতিশোধ নয়, বরং সমঝোতা ও সমাধানের ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।






আপনার মতামত লিখুন