চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে চীনের ‘কনফুসিয়াস সেন্টার’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চীনের অর্থায়নে স্থাপিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র কর্মকর্তা সম্প্রতি চীনের বেইজিং সফরে গিয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং কার্যপরিকল্পনা প্রণয়ন করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩:৩০টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপাচার্য, উপ-উপাচার্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চীনের সরকারসহ চবি এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন করা হবে, যেখানে চীনা ভাষা ও সংস্কৃতি এবং বাংলা ভাষা ও সংস্কৃতি উভয়ই শেখানো হবে। বিশ্ববিদ্যালয় চীনকে দেড় একর জমি দেবে এবং ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণের খরচ বহন করবে চীন সরকার।
চবি উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, “চায়না-বাংলাদেশ বন্ধুত্ব এখন উষ্ণ পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীরা চীনে ফুল ফ্রি স্কলারশিপে পড়াশোনা করতে পারবে এবং আমরা তাদের উৎসাহিত করব।”
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, “চবির ৫৪টি বিভাগের সিলেবাস আন্তর্জাতিক মানের। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আবাসিক সুবিধা বাড়ানো প্রয়োজন।”
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন জানান, “চবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে অনন্য। এখানে চীনা ভাষার পাশাপাশি বাংলা ভাষাও শেখানো হবে। চীনা নাগরিকরাও আমাদের ভাষা শিখতে আগ্রহী হবে।”






আপনার মতামত লিখুন