সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ চলবে দুপুর ২টা পর্যন্ত।
মহাসম্মেলনের মিডিয়া সমন্বয় বিভাগ জানায়, আগে বিভিন্ন সময়ে আলাদাভাবে এমন সম্মেলন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে বড় আকারে এ আয়োজন করা হয়েছে। এতে দেশীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ পাঁচ দেশের বিশিষ্ট আলেমদের উপস্থিতি রয়েছে।
সরেজমিনে দুপুরে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্মেলনে যোগ দিতে উদ্যানে পৌঁছান। মঞ্চে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ শীর্ষ আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই পায়ে হেঁটে, নিজস্ব যানবাহনে, বাসে ও মেট্রোরেলে করে সমাবেশস্থলে আসেন।
সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।






আপনার মতামত লিখুন