নতুন পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা
নতুন পে-স্কেল প্রবর্তনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়, নির্বাচনের পর গঠিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেসব শর্ত দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন রাজনৈতিক সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করবে। আইএমএফও সে অনুযায়ী ঋণ সহায়তা ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
এদিকে, নতুন পে কমিশন গঠনের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ অর্থ মন্ত্রণালয়।
অন্যদিকে, একই অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চলতি নভেম্বর থেকে কৃষকদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও ৪৯ টাকা দরে আতপ চাল কেনা হবে।
তিনি আরও জানান, এবার ৫০ হাজার টন আমন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ টন সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভায় অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।






আপনার মতামত লিখুন