গণপ্রকৌশল দিবসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রশংসা প্রধান উপদেষ্টার
দক্ষ জনশক্তিই উন্নয়নের ভিত্তি
বাংলাদেশের আধুনিক অর্থনীতির ভিত্তি নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবকাঠামো, শিল্প, প্রযুক্তি ও নাগরিক সেবায় তাদের দক্ষতা দেশের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শুক্রবার (৭ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানান।
দিবসটির প্রতিপাদ্য— “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি”—উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির সত্যিকারের শক্তি শুধু প্রাকৃতিক সম্পদে নয়; মানুষের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতায় নিহিত।
তিনি আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা, কারিগরি শিক্ষা বিস্তার এবং উদ্ভাবনকে উৎসাহিত করে টেকসই প্রবৃদ্ধির পথ সুগম করছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্যরা পেশাদারিত্ব, প্রতিশ্রুতি ও সৃজনশীলতা দিয়ে জাতি গঠনের অগ্রভাগে কাজ করবেন বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
বাণীতে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতাও কামনা করেন ড. ইউনূস।






আপনার মতামত লিখুন