জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা ঠেকালো পুলিশ
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পদযাত্রা করার চেষ্টা করেন শিক্ষকরা। তবে বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা ঠেকিয়ে দেয়।
ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছেন। সড়কে মোতায়েন করা হয়েছে জলকামান ও রায়েট কার। এছাড়া শিক্ষা ভবন মোড় থেকে শুরু করে আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানচালকরা।
এর আগে গত সোমবার (২০ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে চলমান কর্মসূচি থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ঘোষণা দেন— সরকার তাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
শিক্ষকরা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন তাদের প্রধান দাবি। পাশাপাশি তারা চান, এমপিওভুক্তির লক্ষ্যে ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন করা হোক, যা ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে— অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি,এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা।
শিক্ষক নেতারা বলেন, সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।






আপনার মতামত লিখুন