টানা আট দিন পর ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
টানা আট দিনের কর্মবিরতি শেষে আজ বুধবার (২২ অক্টোবর) থেকে ক্লাসে ফিরছেন সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
জাতীয়করণ প্রত্যাশী এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে জানান, “আমরা আন্দোলন স্থগিত করছি এবং আগামীকাল (বুধবার) থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ক্লাস বন্ধ থাকায় যে পাঠদানের ক্ষতি হয়েছে তা আমরা নিজেরাই পুষিয়ে নেব। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে গত ১২ অক্টোবর থেকে শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় বৃদ্ধির দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছিলেন।
এদিকে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানানো হয়, বাড়িভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে।
প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন