পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের ‘মতবিনিময় সভা’য় মত প্রকাশে বাধা: ক্ষুব্ধ শিক্ষার্থীরা
|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সভার নাম ‘মতবিনিময়’ হলেও অংশগ্রহণকারীদের কারও মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী ফজলে রাব্বি প্রিতম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো ইউজিসি চেয়ারম্যানের জন্য কুয়াকাটার লঞ্চের টিকিট কেটে রেখেছিল। নাহলে আমাদের মতামত জানানোর সুযোগ দিত।”
অন্যদিকে ৮ম সেমিস্টারের শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, “এমন একপাক্ষিক মতবিনিময় সভা জীবনে দেখিনি। এত সমস্যা থাকা সত্ত্বেও আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। প্রশাসন চাইলে একে ‘আলোচনা সভা’ বলতে পারত।”
বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সভা শুরু হয় প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৪টার দিকে। তালিকায় শিক্ষার্থীদের নাম প্রথমে থাকলেও উপস্থিত ছিলেন মূলত শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে সাংবাদিকদের প্রশ্ন করতে বাধা দেন। এ সময় অন্য শিক্ষকরাও সাংবাদিকদের নিরুৎসাহিত করেন। শেষ পর্যন্ত সীমিত প্রশ্নের সুযোগ পেয়ে সাংবাদিকরা স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা মনে করছেন, প্রশাসনের এমন আচরণ মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।






আপনার মতামত লিখুন