৩৫ বছর পর রাকসু নির্বাচন আজ: ৪৩ পদে ভোটযুদ্ধ
প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। বহু প্রতীক্ষিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৪৩টি পদে মোট ৯১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশ নিচ্ছে ১১টি প্যানেল, যার মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিষদসহ বিভিন্ন সংগঠন।
রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন — এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬১ শতাংশ, নারী ৩৯ শতাংশ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ১৭ কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। ভোটারদের ১০ মিনিটে ৪৩টি ভোট দিতে হবে— অর্থাৎ গড়ে প্রতি ১৪ সেকেন্ডে একটি ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, অতীতের বিতর্ক এড়াতে এবার অতিরিক্ত ব্যালট ছাপানো হয়নি। কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন,“আমাদের ভোটার সংখ্যা ২৮,৯০১। আমরা ঠিক সেই সংখ্যক ব্যালটই ছাপিয়েছি, একটিও বেশি বা কম নয়।”
তিনি আরও জানান, ব্যালট প্রিন্টিংয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে— কোনো নামসর্বস্ব প্রেস নয়, বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমেই ব্যালট ছাপানো হয়েছে।
ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে ভোট গণনা করবে রাকসু নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন,“আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। ভোট শেষের ১৭ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।”
এদিকে ভোটাররা জানিয়েছেন, তারা এবার দলীয় প্রভাব নয়, বরং প্রার্থীদের ব্যক্তিত্ব, সততা ও কাজের মানসিকতা দেখে ভোট দেবেন। গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ত্বাসিন সিদ্দিকা রূপা বলেন,“যারা ক্যাম্পাসে আন্দোলন, সংস্কার ও ইতিবাচক ভূমিকা রেখেছেন, তাদেরই বিবেচনায় রাখব। শুধু ইশতেহার নয়, কাজটাই আসল।”
আরবি বিভাগের শিক্ষার্থী নুরুল্লাহ আলম নূর বলেন,“অনেক ইশতেহার বাস্তবতা বিবর্জিত। তাই আমি প্রার্থীর ব্যক্তিত্ব ও সততা দেখেই ভোট দেব।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচন হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাইলফলক, যা নতুন প্রজন্মের ছাত্র নেতৃত্বের দিকনির্দেশনা নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।






আপনার মতামত লিখুন