চাকসু নির্বাচনের ফল ঘিরে উ’ত্তেজনা, মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেটের দুই পাশে অবস্থান নিচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেদের অবস্থান শক্ত রাখার চেষ্টা করছেন।
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার নির্বাচনে অংশ নেয় ১৩টি প্যানেল, মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলে ৪০টি ভোট দেন— যার মধ্যে ২৬টি কেন্দ্রীয় এবং ১৪টি হল সংসদের পদ।
নির্বাচনে ভোটগ্রহণ হয় ব্যালট পেপারে, আর গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন, যার মধ্যে নারী প্রার্থী মাত্র ৪৭ জন।
ভোট শেষে প্রতিটি হলের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হচ্ছে, আর কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।
নির্বাচনকে নিরপেক্ষ রাখতে অনুষদভিত্তিক ডিনদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিভাগের সভাপতি ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা।
এদিন শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাটল ট্রেন ১১ বার আসা-যাওয়া করেছে এবং অতিরিক্ত ১৫টি বাস পরিচালনা করা হয়।
জাবির আহম্মেদ জিহাদ






আপনার মতামত লিখুন