সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সরকারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বা প্রশাসনিক কার্যক্রম চলবে না। আগামীকাল (সোমবার) থেকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কর্মবিরতিতে থাকবে।”
এর আগে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। সেখানে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন বলে জানা গেছে। পরবর্তীতে আন্দোলনকারীরা শহীদ মিনারে গিয়ে পুনরায় অবস্থান নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি সরকার। তারা বলেন, “আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি অনিচ্ছাসত্ত্বেও, কিন্তু প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন থামবে না।”






আপনার মতামত লিখুন