ডাকসু ও হল সংসদ নির্বাচন: ব্যালট ছাপানো নিয়ে অভিযোগের জবাবে ঢাবি প্রশাসন
ড. নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে নানা অভিযোগ ও আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি পরিষ্কার করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিপুল সংখ্যক ব্যালট দ্রুততম সময়ে প্রস্তুত করতে মূল ভেন্ডরের সহযোগী একটি প্রতিষ্ঠানকেও কাজে যুক্ত করা হয়।
উপাচার্য জানান, সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে ২২ রিম কাগজে প্রায় ৮৮ হাজার ব্যালট ছাপে। এর মধ্যে কাটিং, প্রি-স্ক্যানসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট সরবরাহযোগ্য হয় এবং অতিরিক্ত ব্যালট প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়। তবে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ভেন্ডর বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে ভুলে যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের স্বচ্ছতাকে কোনোভাবেই প্রভাবিত করে না। কারণ ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করতে একাধিক ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে নিরাপত্তা কোড, প্রি-স্ক্যান, এবং রিটার্নিং কর্মকর্তার সীল-স্বাক্ষর অন্তর্ভুক্ত।”
চূড়ান্ত হিসেবে ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট প্রস্তুত করা হয়। ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২৯ হাজার ৮২১ জন ভোট দেন এবং ব্যবহার হয় ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট। অবশিষ্ট থাকে ৬০ হাজার ৩১৮টি।
সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকা প্রসঙ্গে উপাচার্য জানান, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে প্রার্থীরা বিশেষজ্ঞদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণ করতে পারবেন। একইভাবে ভোটারদের স্বাক্ষর তালিকাও সুনির্দিষ্ট যৌক্তিক কারণে প্রদর্শন করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের আইনজীবীদের পরামর্শে জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন