এক বছরে সাংগঠনিক শক্তি অর্জনে ব্যর্থতার কথা স্বীকার নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যাশিত সাংগঠনিক শক্তি অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন তাদের বড় অর্জন। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম দাবি তুলেছিলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের। গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের ভূমিকা মূল্যায়নে এ নির্বাচন প্রয়োজন ছিল।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেলের ব্যর্থতাকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমাদের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে। কিন্তু আমরা আশানুরূপ ফল পাইনি। এ কারণে আমাদেরও ভাবতে হচ্ছে কেন এক বছরে সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি।”
তিনি আরও বলেন, গত এক বছরে দেশ নানা অস্থিরতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব ও চাপও বেড়েছে। তাই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে ভুলগুলো এড়ানোর আহ্বান জানাচ্ছি।
সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, অঙ্গসংগঠনের নেতারা এবং জেলা-উপজেলা পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন