ঢাবি মুহসীন হলে আজান নিষিদ্ধ ছিল—আমির হামজার দাবি মিথ্যা: নিন্দা ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের মসজিদে ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন দাবি করেছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে শিবির জয়ী হওয়ার পর থেকেই সেখানে আজান শুরু হয়।
এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা এ অভিযোগ তোলেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, “মুহসীন হল সবসময় ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের একটি আবাসিক হল। এখানে নিয়মিত নামাজ আদায় হয় এবং আজানের ধ্বনি প্রতিদিন ভেসে আসে। কিন্তু আমির হামজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং শিক্ষার্থীদের ভাবমূর্তি নষ্ট করেছে।”
তিনি আরও বলেন, “আমরা এই হলের শিক্ষার্থীরা ধর্মের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এমন বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। মিথ্যা ও বিভ্রান্তিকর এই মন্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।”
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওয়াজ মাহফিলে আমির হামজা দাবি করেছিলেন, “মুহসীন হলে ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি, ছাত্রলীগ ফজরের ঘুম ভাঙবে বলে বাধা দিত।” তবে তার বক্তব্য নিয়ে ছাত্ররাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।






আপনার মতামত লিখুন