প্রথমবারের মতো জকসু নির্বাচন ২৭ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবির পর অবশেষে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। এদিন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে তফসিল ঘোষণা, ভোটার তালিকা তৈরি, মনোনয়ন জমা ও যাচাই–বাছাইয়ের কাজ সম্পন্ন হবে।
এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলেছিলেন— সম্পূরক বৃত্তির সময়সীমা নির্ধারণ, জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, ক্যাফেটেরিয়ার ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃত্তি ও ক্যাফেটেরিয়া বিষয়ে বিবৃতি দিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে।
আন্দোলনরত শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, প্রশাসনের বিবৃতিতে পরিষ্কারভাবে জানানো হয়নি কতজন শিক্ষার্থী সুবিধা পাবেন বা কত টাকা দেওয়া হবে। ক্যাফেটেরিয়া সম্পর্কেও স্পষ্ট সিদ্ধান্ত নেই। তাই আমরা বিবৃতিটি প্রত্যাখ্যান করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নির্দিষ্ট করে লিখিতভাবে মেনে নেওয়া হয়েছে। ২৭ নভেম্বর নির্বাচন হবে। আমি নিজে শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য অনুরোধ করেছি।
এর আগে গত মঙ্গলবার শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পাঁচ নেতা তিন দফা দাবিতে ক্যাম্পাসে অনশন শুরু করেন। একই দিন বিকেলে জকসু নীতিমালা ও বৃত্তির দাবি নিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজের সঙ্গে সাক্ষাৎ করে জবি শাখা ছাত্রশিবিরের নেতারা। তিনি নভেম্বরের মধ্যে বৃত্তির অর্থ প্রদান ও জকসু নীতিমালা দ্রুত প্রণয়নের আশ্বাস দেন।






আপনার মতামত লিখুন