জাকসু নির্বাচন
ফলাফল বিলম্বে ক্ষোভ: দ্রুত ভোটগণনার দাবি শিক্ষার্থীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান দেন। তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে।
শিবির-সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম মাজহার অভিযোগ করে বলেন, “২১টি হলের ভোটগণনা শেষ হলেও এখনো জাকসুর ভোটগণনা শুরু হয়নি। এটি জাকসু বন্ধের পাঁয়তারা। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত ভোটগণনা করে ফলাফল দিতে হবে। জাকসু বন্ধে পাঁয়তারা শিক্ষার্থীরা মেনে নেবে না।”
স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “ভোটের পর এক দিন পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারছে না নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, নির্বাচন কমিশন ব্যর্থ। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলছি—ফলাফল দিতে হবে, নয়তো শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা শুরু হয়।






আপনার মতামত লিখুন