বরগুনায় দম্পতির লাশ উদ্ধার, দুই শিশুর দায়িত্ব নিলেন জামায়াত নেতা
বরগুনায় এক ঘরে রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা অবস্থায় পাওয়া যায় স্ত্রী আকলিমা (২৭)-কে আর ঝুলন্ত অবস্থায় ছিলেন স্বামী স্বপন মোল্লা (৩২)। তবে অক্ষত থাকে দম্পতির দুই ছোট মেয়ে—সাদিয়া (৫) ও আফসানা (১)।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সাদিয়া ঘুম থেকে উঠে দেখে মা নড়ছে না, এরপর ফুফুকে জানালে স্বজনরা ঘরে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
স্বপন পেশায় দিনমজুর ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা একটি ঘরে বসবাস করতেন।
এদিকে এতিম হয়ে যাওয়া দুই শিশুর দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ হারুন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিহত দম্পতির বাড়িতে গিয়ে তিনি জানান, শিশুদের পড়াশোনা, থাকা-খাওয়া ও ভবিষ্যতের সব ব্যয় জামায়াতের পক্ষ থেকে বহন করা হবে।
অকলিমার ভাই শফিকুল ইসলাম বলেন, “শিশুদের নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। এখন দায়িত্ব নেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।”
মাওলানা হারুন আরও জানান, জানুয়ারি থেকে মহিলা এতিমখানায় দুই শিশুকে ভর্তি করিয়ে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বিয়ের বিষয়েও সহায়তা করা হবে।






আপনার মতামত লিখুন