দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেন-পর্তুগালে প্রাণহানি
দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেন-পর্তুগালে প্রাণহানি
দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে চলমান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ, খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট এসব আগুনে অন্তত স্পেনে তিনজন এবং পর্তুগালে একজনের মৃত্যু হয়েছে।
গ্রিস থেকে পর্তুগাল পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। পাঁচটি দেশ আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। বিভিন্ন দেশে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন।
গ্রিসের কিয়োস দ্বীপে টানা পঞ্চম দিনের মতো আগুন জ্বলছে। হাজার হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী এথেন্স ও আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন। দেশটির জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া বারকোনেস জানিয়েছেন, সেখানে অন্তত ১৪টির বেশি বড় আগুন জ্বলছে। দাবানলের কারণে মহাসড়ক ও রেলপথ বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে প্রায় ৩ লাখ ৯০ হাজার একর বনভূমি পুড়ে গেছে। আগুনের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী প্রাণ হারিয়েছেন। অগ্নিসংযোগের সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, প্রতিবেশী দেশ পর্তুগালে প্রায় সাতটি বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে অন্তত ৪ হাজার দমকলকর্মী। দেশটিতে রোববার রাত পর্যন্ত জরুরি সতর্কতা জারি রাখা হয়েছে।
এটি দক্ষিণ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলের মৌসুম হিসেবে বিবেচিত হচ্ছে।






আপনার মতামত লিখুন