সায়েন্সল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর অধ্যাদেশ প্রকাশের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা কলেজ থেকে মিছিল করে নীলক্ষেত হয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় ‘শিক্ষা সিন্ডিকেট নিপাত যাক’, ‘অধ্যাদেশ জারি করো, ঢাকেবি চূড়ান্ত করো’, ‘তালবাহানা বন্ধ করো’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এলাকা।
শিক্ষার্থীদের অবস্থানের ফলে সায়েন্সল্যাব সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ দেখা দেয়।
বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল।
ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ বলেন “প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ দাবি সরকার মেনে নিলেও অধ্যাদেশ জারির বিষয়ে টালবাহানা করছে। আমরা চাই দ্রুত অধ্যাদেশ জারি করে ঢাকেবি প্রতিষ্ঠা নিশ্চিত করা হোক।”
অন্য শিক্ষার্থীরা বলেন, “আমরা সরকারের কাছে একাধিকবার ডেডলাইন দিয়েছিলাম। সর্বশেষ ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ইউজিসি গতকাল বলেছে, অধ্যাদেশ হবে সেপ্টেম্বরে। এটি আমাদের হতাশ করেছে।”
তবে তারা জানান, কিছু সময় সায়েন্সল্যাবে অবস্থান করে ক্যাম্পাসে ফিরে যাবেন।






আপনার মতামত লিখুন