‘আল্লাহর রহমত’ হিসেবে বৃষ্টিকে স্বাগত, বৃষ্টিভেজা মঞ্চে ড. ইউনূস
‘আল্লাহর রহমত’ হিসেবে চলমান বৃষ্টিকে আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে ঘোষণাপত্র পাঠের শুরুতে তিনি বলেন,
“আল্লাহর রহমত হচ্ছে। সেই রহমত সঙ্গে নিয়েই আমি এই ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি।”
তার এই বক্তব্যে মঞ্চ ও দর্শকসারিতে উপস্থিত অনেকেই করতালির মাধ্যমে সমর্থন জানান।
বৃষ্টির মধ্যেই মঞ্চের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন অভ্যুত্থান-সংহত রাজনৈতিক জোটের নেতারা।
উপস্থিত ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানস্থলে বৃষ্টিপাত চললেও হাজারো মানুষ ছাতা মাথায় কিংবা ভিজে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে সম্পন্ন হচ্ছে।
‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজনৈতিক রূপরেখা, যেখানে অন্তর্বর্তী সরকারের কাঠামো, নির্বাচনী সংস্কার ও নাগরিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি তুলে ধরা হচ্ছে।






আপনার মতামত লিখুন