৩৬ জুলাই উদযাপনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অধ্যাপক ইউনূস
৩৬ জুলাইয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে বহুল প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সোয়া ৫টায় এই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে নিশ্চিত করেছে তথ্য অধিদপ্তর।
এদিন রাজধানীতে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইউনূস। পুরো আয়োজনটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
ফেসবুকে ইউনূসের ভেরিফায়েড পেজ থেকে আগেই জানানো হয়, “৩৬ জুলাই” উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
ফেসবুক বার্তায় বলা হয়— “গত বছর ৩৬ জুলাই দেশে এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হয়েছিল, যা ফ্যাসিস্ট সরকারের পতনের পথ সুগম করে। বহু শহীদের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করে। সেই ঘটনার এক বছর পর আমরা জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছি ‘জুলাই ঘোষণাপত্র’—যা হবে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর রূপরেখা।”
জানা গেছে, ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছে। এতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল পরিবেশন করবে সাংস্কৃতিক পর্ব।






আপনার মতামত লিখুন