২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পুলিশের বিশেষ সতর্কতা
ছদ্মবেশে সক্রিয় আওয়ামী নেতাকর্মী
আওয়ামী লীগ এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরে না এলেও দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে। তারা আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে সংঘবদ্ধভাবে সহিংসতা, হামলা বা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা হতে পারে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) এ বিষয়ে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে ডিএমপি কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল এসপি এবং দেশের সকল জেলা পুলিশ সুপারদের কাছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকারবিরোধী দল ও সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টাও হতে পারে।
এ পরিস্থিতিতে পুলিশের প্রতিটি ইউনিটকে নিচের কাজগুলো করতে বলা হয়েছে: রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ,সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি ,সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার ,সাইবার গোয়েন্দা কার্যক্রম ও পেট্রলিং বৃদ্ধি
এছাড়া, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এই সময়: মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের আশপাশে নজরদারি ,গ্রেপ্তারি পরোয়ানা তামিল ,ভার্চুয়াল মাধ্যমে উস্কানিদাতাদের শনাক্তে সাইবার পেট্রলিং জোরদার করা হবে
পুলিশের গোয়েন্দা সূত্র দাবি করছে, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রসংগঠনের নেতারা অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ তৈরি করেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাজনৈতিক নৈরাজ্য তৈরির পাঁয়তারা চলছে। সরকার কঠোর অবস্থানে আছে, যারা ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন